সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে সোবহান প্রামানিক (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। তাঁর স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানি দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোবহান প্রামানিক এলাকাটির বাসিন্দা এবং স্থানীয় একটি দুগ্ধ সমিতির ব্যবস্থাপক ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে তারা দম্পতি নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন। তখনই দুর্বৃত্তরা সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে। ধারালো অস্ত্র নিয়ে তারা ঘুমন্ত সোবহান ও শেফালীর ওপর হামলা চালায়। ফলে মাথা ও কপালে আঘাত পেয়ে সোবহান ঘটনাস্থলেই মারা যান, আর শেফালী আহত হন। হামলাকারীরা তারপর দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে সন্দেহ করে পুলিশের হাতে সোপর্দ করে। হায়দুল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহত শেফালীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোবহান গতকাল রোববার সকালে প্রায় ৭০ লাখ টাকায় নিজের এক খণ্ড জমি বিক্রি করেন। দুর্বৃত্তরা হয়তো এ খবর পেয়ে টাকা লুট করতে ঘরে ঢুকেছিল। এছাড়া গ্রামের একটি খাসপুকুর নিয়ে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে এই বিরোধের জেরে সংঘর্ষে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান। তিনি মুক্তকণ্ঠকে বলেন, সোবহানের মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন আছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।