পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে।

সোমবার হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি বলেন, “৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এ জন্য মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত ও বিতর্কিত ছিল। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিও এই ইস্যু নিয়ে সক্রিয় ছিল।

মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সরকারকে সরিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি নতুন সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতার প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নয়টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। আদালত এজন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল।