চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা বন্দরের জাহাজ থেকে ডিজেল পাচারের সময় কোস্টগার্ড ৯ পাচারকারীকে আটক করেছে। এসময় ৪ হাজার লিটার ডিজেলও উদ্ধার হয়েছে। গত শনিবার মধ্যরাতে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি গতকাল রোববার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্র জানায়, রাতে নদীতে অভিযান চালানোর সময় কোস্টগার্ডের একটি দল দেখতে পায় যে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কান্ডারি-৬ নামক জাহাজ এবং টি আজু শাহ নামের একটি তেলের ট্যাংকার থেকে পাচারকারীরা ডিজেল পাচার করছিল। সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের সদস্যরা তাদের আটক করেন। এ সময় ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হয়, যার মূল্য প্রায় চার লাখ টাকা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, "জব্দ করা ডিজেলসহ আটক পাচারকারীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।" তিনি আরও বলেন, "অবৈধভাবে তেল মজুত ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।"






