আসন্ন বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে নেইমারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তাঁকে এই দলে রেখেছেন বলে ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে। তবে দলটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা হবে ১৮ মে।

এদিকে, চূড়ান্ত দলে স্থান পাওয়ার দাবি আরও মজবুত করলেন নেইমার। সান্তোসের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচেই গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চোট ও অনিয়মিত ফর্মের কারণে লম্বা সময় ধরে জাতীয় দল থেকে দূরে ছিলেন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর অনেকবার আশা জাগালেও শেষ পর্যন্ত ফেরা হয়নি তাঁর। তবে এবার প্রাথমিক দলে জায়গা পাওয়ায় বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে এই ফরোয়ার্ডের।

নতুন করে নিজের সক্ষমতা প্রমাণের পথে নেইমার আজ সকালে মাঠে নেমে গোল করেছেন। ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’র ম্যাচে ব্রাগান্তিনোকে ২-০ গোলে হারানোর পথে দলের প্রথম গোলটি করেন ৩৪ বছর বয়সী এই তারকা।

এদিন সব মিলিয়ে ৮২ মিনিট মাঠে ছিলেন নেইমার, যেখানে গোল করার পাশাপাশি নিজের কিছু ঝলকও দেখিয়েছেন তিনি। এর আগে কোপা সুদামেরিকানায় রেসোলেটা এফসির বিপক্ষে তিনি গোল করেছিলেন।

সব মিলিয়ে চলতি মৌসুমে সান্তোসের হয়ে ১৩ ম্যাচ খেলে ৬ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন নেইমার। আর সর্বশেষ ১৭ ম্যাচে নেইমার করেছেন ১১ গোল ও ৪ অ্যাসিস্ট। নেইমারের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশ্ন সামান্যই ছিল, তাঁর ফিটনেস নিয়েই মূলত যত দুশ্চিন্তা।

এর আগে কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি শুধু সেই খেলোয়াড়দেরই দলে নেবেন, যাঁরা শারীরিকভাবে সম্পূর্ণ ফিট এবং প্রতিযোগিতামূলকভাবে সেরা অবস্থায় আছেন। যার জেরে ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচের দলেও নেইমারকে রাখেননি তিনি। তবে নিজেকে ফিট প্রমাণ করেই এবার জাতীয় দলে কড়া নাড়ছেন নেইমার।

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিল জাতীয় দলের ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলছে। অনেক খেলোয়াড়ই প্রকাশ্যে জানিয়েছেন, আবারও নেইমারের সঙ্গে খেলতে চান তাঁরা। যেমন রাফিনিয়া বলেছেন, “নেইমার থাকলে সব সময়ই ভালো লাগে।” তিনি চান, নেইমার জাতীয় দলকে আবারও নেতৃত্ব দিক।