যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশ থুতনির ওপর স্কেটবোর্ড রেখে টানা এক ঘণ্টা ১ মিনিট ৩৬ সেকেন্ড সময় ধরে রেখে নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। এর মাধ্যমে তাঁর ক্যারিয়ারে ৩৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মাইলফলক অতিক্রান্ত হয়েছে।

বোইস শহরের ওয়াইএমসিএ জিমনেসিয়ামে একটি পিৎজা বল সেশনের বিরতির সময় এই অভাবনীয় চ্যালেঞ্জ গ্রহণ করেন ডেভিড। ঘড়ির কাঁটা যখন ১ ঘণ্টা ১ মিনিট ৩৬ সেকেন্ড অতিক্রম করে, তখন তিনি স্কেটবোর্ডটি থুতনি থেকে নামান।

গিনেস কর্তৃপক্ষ এই নির্দিষ্ট ক্যাটাগরিটি নতুনভাবে চালু করেছে। প্রথম রেকর্ডধারী হিসেবে শূন্য স্থানটি দখল করলেন ডেভিড। কিন্তু এই রেকর্ড গড়া কোনো সহজ কাজ ছিল না।

ডেভিড বলেন, ‘আমি চ্যালেঞ্জটি শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই একটি বড় সমস্যা টের পেলাম। স্কেটবোর্ডের প্রান্ত বেশ ধারালো হওয়ায় ৩০ সেকেন্ড পার হতে না হতেই থুতনিতে তীব্র যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল থুতনির হাড় ছিদ্র হয়ে যাবে।’

ব্যথায় চ্যালেঞ্জ শেষ করা প্রায় অসম্ভব মনে হওয়ার মুহূর্তে এক বন্ধুর স্কেটবোর্ড সংগ্রহশালা থেকে মসৃণ ও ভোঁতা প্রান্তের একটি বোর্ড খুঁজে পান তিনি। সেটি গিনেসের নির্ধারিত ওজন ও আকারের শর্ত পূরণ করায় নতুন করে শুরু হয় লক্ষ্য অর্জনের লড়াই।

পেশায় প্রকৌশলী ডেভিড রাশ এসব বিচিত্র রেকর্ড গড়ে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় আগ্রহী করতে চান।