সাধারণত মে মাসে রাজধানী ঢাকার বায়ুদূষণ কমে যায়। কিন্তু এবার দূষণের মাত্রা উল্টো বাড়ছে। আজ সোমবার সকালে বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা শীর্ষে উঠেছে।
আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ছিল ২০৮। এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। বায়ুর মান ২০০-এর বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। রাজধানীর পাঁচটি স্থানে বায়ুর অবস্থা বিশেষভাবে খারাপ।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এই বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরেছে। এই প্রতিষ্ঠান নিয়মিত বায়ুদূষণের অবস্থা প্রকাশ করে। তাদের তৈরি লাইভ সূচক নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা জানিয়ে মানুষকে সতর্ক করে। আজকের এই দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য আইকিউএয়ার বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে।
আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো
আজ নগরীর পাঁচটি এলাকায় বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে সবচেয়ে বেশি দূষিত বেচারাম দেউড়ী, যেখানে বায়ুমান ২৭৬। এরপর তালিকায় রয়েছে আগারগাঁও (২৭১), বারিধারা পার্ক রোড (২১৯), দক্ষিণ পল্লবী (২০৯) এবং গুলশান লেক পার্ক (২০৮)।
সাধারণত এপ্রিল মাসের পর থেকে ঢাকার বাতাসের মান উন্নত হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুত বায়ুর গুণগত মান ভালো হয়। কিন্তু এপ্রিল পেরিয়ে মে মাস চললেও এবার বাতাসের অবস্থা ততটা ভালো হচ্ছে না।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।






