লন্ডন স্টেডিয়ামে রোববার রাতে নাটকীয় মুহূর্তের দেখা পাওয়া গেল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ওয়েস্ট হামের ক্যালাম উইলসন গোল করে আর্সেনালকে হতাশায় ডুবিয়ে দিলেন। ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে সবাই স্তব্ধ হয়ে গেল।
কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনই শুরু হলো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জানালেন, গোলের বিল্ডআপে আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়াকে সম্ভবত ফাউল করা হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও দেখেও সিদ্ধান্ত নিতে না পেরে রেফারি ক্রিস কাভানা মাঠের পাশের মনিটরে রিপ্লে দেখতে গেলেন। সময় নিয়ে ফিরে এলে তিনি ঘোষণা দিলেন, ফাউলের শিকার রায়া, গোল বাতিল, আর্সেনাল ফ্রিকিক পেয়েছে।
এর ফলে ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়নশিপের আরও কাছে সরল আর্সেনাল। ওয়েস্ট হামের অবনমনের আশঙ্কা আরও বাড়ল। এই জয়ে ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। এক ম্যাচ কম খেলা নিকট প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। শেষ দুটি ম্যাচ জিতলেই ২২ বছর পর লিগে শিরোপা জিতবে তারা। অন্যদিকে, ৩৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ওয়েস্ট হাম। ১৭ নম্বরের টটেনহামের ৩৭ পয়েন্ট, তবে স্পারস এক ম্যাচ কম খেলেছে।
আগেও নাটকের অভাব ছিল না। আক্রমণের পর আক্রমণ চালিয়ে গোলের দেখা পায়নি আর্সেনাল। ৮৩ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাসে লিয়ান্দ্রো ত্রোসারের শট ওয়েস্ট হামের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করে। এই গোল ধরে রেখে জয়ের কাছে পৌঁছালে আবার নাটক—ওয়েস্ট হামের গোল বাতিল হয়ে আর্সেনাল শিরোপার আরও কাছে এগিয়ে গেল।






