গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে বাংলাদেশের গোলপোস্টের নিচে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন মিলি আক্তার। কিন্তু এই অদম্য গোলকিপারকে নিয়ে দুশ্চিন্তা এখনো কাটছে না।

২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল এখন থাইল্যান্ডে ঘাম ঝরাচ্ছে। তবে দলের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিলির হাতের চোট, যার জন্য তিনি এখনো পুরোদমে অনুশীলনে ফিরতে পারেননি।

গত এপ্রিলের শুরুর দিকে অনুশীলনের সময় ডান হাতের তালুতে গুরুতর আঘাত পান মিলি। সেখানে তিনটি সেলাই লাগে। একজন গোলকিপারের জন্য হাতের তালু ও কবজি সবচেয়ে সংবেদনশীল অংশ। এই আঘাতের কারণে কোচিং স্টাফের পুরো পরিকল্পনা বদলে যায়।

কিছুদিন আগে সেলাই কাটা হলেও মিলি এখনো মাঠে শতভাগ ফিট নন। অনুশীলনে অংশ নিলেও বল গ্রিপিং বা ফিস্ট করার মতো ‘বল ওয়ার্ক’ শুরু করতে পারছেন না তিনি। গোলকিপিংয়ের জন্য দরকারি রিফ্লেক্স ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথে এটি বড় বাধা।

থাইল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় গোলকিপার কোচ মাসুদ আহমেদ মিলির চোটের সর্বশেষ অবস্থা নিয়ে কিছুটা আশার কথা বলেছেন। তিনি বলেন, “মিলি হাতের চোট থেকে সেরে উঠছে। তবে এখনো তাকে নিয়ে বল ওয়ার্ক করার মতো অবস্থা হয়নি। আশা করছি, আরও দুদিন পর অনুশীলনে তাকে নিয়ে কাজ শুরু করতে পারব।”

মিলির অনুপস্থিতিতে আগামীকাল থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলপোস্ট সামলাতে পারেন স্বর্ণা রানী বা রুপনা আক্তার।