জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলায় আগামী ৮ জুন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ আজ রোববার এই সিদ্ধান্ত ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার ২৮ আসামির মধ্যে নানক, তাপসসহ ২৪ জন পলাতক। গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাইমুর রহমানসহ চারজন। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পাঠান বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। তিনি বলেন, “এই মামলার ২৮ আসামির অব্যাহতির যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করা হলো। পাশাপাশি এই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো।”

আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় হত্যাসহ তিনটি অভিযোগ তুলে ধরেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এজলাসের কাঠগড়ায় উপস্থিত চার আসামিকে তিনি জিজ্ঞাসা করেন, তাঁরা অভিযোগ স্বীকার করছেন কি না। গ্রেপ্তার চার আসামি জবাব দেন, তাঁরা নির্দোষ এবং ন্যায়বিচার চান।