ভারতের তামিলনাড়ু রাজ্যে আগামীকাল রোববার সকাল ১০টায় থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের অফিস লোকভবন আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ থালাপতি বিজয় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। এতে সরকার গঠনের পথ সুগম হয়।

গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে প্রবেশ করে চমকপ্রদ সাফল্য দেখানো থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) সবচেয়ে বেশি ১০৮টি আসন পায়। এর মধ্যে থালাপতি একাই দুটি আসনে জয়লাভ করেন; তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।

শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে সীমাবদ্ধ ছিল। আজ বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিক সমর্থন জানালে পরিস্থিতি পাল্টে যায়। দুই দলের প্রত্যেকটির দুটি করে মোট চারটি আসন যুক্ত হয়ে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে।

এনডিটিভি জানায়, ভিসিকের সমর্থনপত্রে বলা হয়েছে, ‘তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই বিজয়কে সমর্থন দেওয়া হয়েছে।’ দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত চিঠি রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়।

সরকার গঠনের প্রয়োজনীয় আসন নিশ্চিত হলে আজ থালাপতি বিজয় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে চেন্নাইয়ের লোকভবনে যান। সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্র তিনি জমা দেন।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার সংবাদ ছড়াতেই টিভিকের সদর দপ্তরে উৎসবের পরিবেশ তৈরি হয়। সমর্থকদের প্রতি থালাপতি বলেন, ‘উল্লাস শুরু করো।’

নিয়মানুসারে, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রধান প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানালে রাজ্যপাল তাঁকে আমন্ত্রণ জানান। অভিনেতা থেকে রাজনীতিতে আগত থালাপতির শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল তাঁর নির্ধারিত কেরালা সফর বাতিল করেন বলে জানা গেছে।

থালাপতি বিজয় দুটি আসনে জিতেছেন বলে নিয়ম অনুসারে ফলাফলের গেজেট প্রকাশের পর ১৪ দিনের মধ্যে তাঁকে একটি আসন ছাড়তে হবে।

তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবার প্রথম কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে।