রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও মনোমালিন্যের ঘটনা ঘটেছে ঠিক মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে। এতে লা লিগার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রিয়ালের ড্রেসিংরুমের অস্থিরতা। মাঠের ব্যর্থতার সঙ্গে অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদে ভালভের্দের মধ্যকার অপ্রীতিকর ঘটনা চারদিকে বারুদ ছড়িয়ে দিয়েছে।

এদিকে বার্সেলোনা শিবিরে শান্ত পরিবেশ। আজ হান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনে রিয়ালের অন্তঃকন্দল নিয়ে একের পর এক প্রশ্ন এসেছে। কিন্তু ফ্লিক সব প্রশ্নেই বিতর্ক এড়িয়ে উত্তর দিয়েছেন। তিনি শান্ত গলায় বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, সেটা আমার কাজ নয়।’ তবে তিনি খানিকটা বিস্মিত হয়েছেন, ‘এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম। তবে আমাকে ভাবতে হবে শুধু আমার ক্লাব আর দল নিয়ে।’

লা লিগায় বার্সেলোনা এই ম্যাচে হার এড়ালেই শিরোপা নিশ্চিত করবে। ক্লাসিকোর রোমাঞ্চ তুঙ্গে উঠেছে, তাই ফ্লিক মাঠের বাইরের ঘটনায় মনোযোগ না দিয়ে স্থির থাকতে চান। তিনি বলেন, ‘আমাদের মূল কাজ হলো খেলা এবং মাঠের পরিকল্পনায় স্থির থাকা। আমরা দারুণ একটা মৌসুম কাটাচ্ছি এবং কালও সেটার প্রতিফলন দেখতে চাই। আমি চাই দল হিসেবে খেলতে, অন্য কিছু নিয়ে ভাবার সময় আমার নেই।’

প্রতিপক্ষের ড্রেসিংরুমের ঝামেলা নিয়ে ফ্লিক নির্লিপ্ত, কিন্তু নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। লা মাসিয়া এটিকে বিশেষ করে তুলেছে, কারণ এখানে এমন খেলোয়াড়েরা আছেন, যাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছেন। আমি বলছি না যে লকার রুমে কখনো কোনো সমস্যা হয় না, এমনটা হয়েই থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে যোগাযোগটা দারুণ—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

লা লিগায় রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকা বার্সেলোনা আগামীকাল জিতলে বা ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত করবে।