পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রান করে আউট হলেন লিটন দাস। তবে এই ইনিংসের মাঝেই তিনি একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের সীমা অতিক্রম করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

লিটনের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭১ রান করেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর মোট রান ১৮৭৬। মুশফিকের গড় ৪৩.৬২, যা লিটনের ৩৭.২০ গড়ের চেয়ে ভালো।

বাংলাদেশের ব্যাটসম্যানদের তালিকায় পরবর্তী স্থানগুলোতে রয়েছেন নাজমুল হোসেন, মুমিনুল হক এবং মেহেদী হাসান মিরাজ। চলমান মিরপুর টেস্টে নাজমুল ১০১ রানের সেঞ্চুরি করেছেন, যা টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর পঞ্চম সেঞ্চুরি। মুমিনুলও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন, প্রথম দিন ৯১ রান করে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মিরাজ ১০ রান করে প্রথম ইনিংসে আউট হয়েছেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয় ২০১৯ সাল থেকে। এর সবচেয়ে বেশি রান ইংলিশ ব্যাটসম্যান জো রুটের, ৬৪৮০।