সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তিকে ‘দেশবিরোধী’ বলে অভিহিত করে তা বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল করেছে।
গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভিসি চত্বর, হলপাড়া অতিক্রম করে রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।
মিছিলে নেতা-কর্মীরা ‘বাণিজ্যচুক্তি বাতিল করো’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘লড়াই হবে একসাথে মার্কিনিদের বিরুদ্ধে’–সহ বিভিন্ন স্লোগান দেন।
গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন ছাত্র ও প্রগতিশীল সংগঠনের নেতারা বক্তব্য দেন। সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী এবং এতে সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষতি হবে। তাঁরা এটি দ্রুত বাতিলের দাবি জানান।
সমাবেশে সংহতি জানিয়ে লেখক ও গবেষক মাহা মির্জা বলেন, চুক্তির শর্তগুলো বাংলাদেশের শিল্প, কৃষি ও ব্যবসার জন্য হুমকি হতে পারে।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সমর চাকমা চুক্তিটিকে দেশ বিক্রির চুক্তি বলে অভিহিত করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, এটি কোনো চুক্তি নয়, বরং একটি আদেশনামা।
আরও বক্তব্য দেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের অনুরাভ আশরাফ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার।






