রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) এক সদস্যকে অজ্ঞাত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে সাজেকের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেগেরা চাকমা (৫০)। স্থানীয় বাসিন্দাদের জানানো মতে, তিনি সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে শুকনোছড়া এলাকায় বসবাস করছিলেন এবং সেখানে ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকাল পৌনে ছয়টার দিকে সাংগঠনিক কাজে বের হন হেগেরা চাকমা। পথে ওত পেতে অপেক্ষা করা ১০-১২ জনের সশস্ত্র দল তাঁকে এলোপাথাড়ি গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি।”
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক—দুটি দলই সক্রিয় রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা মুক্তকণ্ঠকে বলেন, “নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।”
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন সকাল সাড়ে নয়টার দিকে মুক্তকণ্ঠকে বলেন, “গুলিতে একজনকে হত্যার খবর এইমাত্র পেয়েছি। থানা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনার প্রস্তুতি নিচ্ছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলা যাবে।”






