ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার সংস্থাটি জানায়, আয়োজক তিন দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচের আগে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে।
৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যামিজয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’ গান গাইবে। তাদের সঙ্গে পারফর্ম করবেন মেক্সিকান ফোক ও পপ গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।
মেক্সিকো সিটির কনসার্টে দেশটির সংস্কৃতি তুলে ধরা হবে বিশেষভাবে। ফিফা জানিয়েছে, সেখানে মেক্সিকোর আদিবাসী শিল্পী ও আধুনিক লোকসংগীতের পারফর্মাররা অংশ নেবেন।
টরন্টোতে ১২ জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে খেলবে। ম্যাচের আগে সেখানে গাইবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। এই আয়োজনে রয়েছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। ফিফা জানিয়েছে, টরন্টোর কনসার্টে ‘বিশ্বকাপ ট্রফিকে মোজাইক নকশায় এক নতুন রূপে তুলে ধরা হবে, যা মূলত কানাডার বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন।’
একই দিনে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণ আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি। এছাড়া পারফর্ম করবেন আটলান্টার জনপ্রিয় র্যাপার ফিউচার (নেভাডিয়াস উইলবার্ন), আনিস্তা, লিসা, রেমা ও টাইলা।
যুক্তরাষ্ট্রের কনসার্ট নিয়ে ফিফা জানিয়েছে, অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যা বিশ্বকাপের বিশালত্ব, লক্ষ্য ও সাংস্কৃতিক প্রভাবকে এক জমকালো আয়োজনের মাধ্যমে তুলে ধরবে।
বিশ্বকাপ একাধিক দেশে যৌথভাবে আয়োজিত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে আয়োজন করেছিল। তখন উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।






