লিওনেল মেসি নেইমারের প্রতি তার গভীর বন্ধুত্বের আরেক প্রমাণ দিয়েছেন। ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, আসন্ন ফিফা বিশ্বকাপে নেইমারকে ব্রাজিল দলে দেখতে চান তিনি। নেইমারের প্রতিভার পাশাপাশি দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই মেসি স্পষ্ট বলেছেন, নেইমারের ব্যাপারে তিনি ‘নিরপেক্ষ’ নন।

সম্প্রতি পোলো আলভারেজের পডকাস্ট ‘লো ডেল পোলো’তে সাক্ষাৎকারে মেসি নেইমার নিয়ে তার আবেগ ও প্রত্যাশা প্রকাশ করেন। আঘাত ও ফর্মহীনতায় ব্রাজিল জাতীয় দল থেকে অনেকদিন বাইরে রয়েছেন নেইমার। মেসি বলেন, “আমরা সব সময় চাই সেরা খেলোয়াড়েরা বিশ্বকাপে থাকুক। নেইমার এখন কোন ফর্মে আছে, সেটা বড় কথা নয়, সে সব সময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে।”

বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ ছয় বছর একসঙ্গে খেলেছেন মেসি–নেইমার। এতে তারা একে অপরকে খুব কাছ থেকে চেনেন। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে নেইমারের জায়গা নিয়ে অনিশ্চয়তার মধ্যে মেসি তার প্রতি স্নেহ প্রকাশ করে বলেন, “নেইমার আমার খুব ভালো বন্ধু। আমি অবশ্যই তাকে বিশ্বকাপে দেখতে চাই। মানুষ হিসেবে সে যেমন চমৎকার, তাতে তার সঙ্গে সব সময় ভালো কিছু হওয়া উচিত। তবে নেইমারকে নিয়ে কথা বলার সময় আমি মোটেও নিরপেক্ষ হতে পারি না। কারণ, সে সেখানে (বিশ্বকাপে) থাকুক, এটা আমি মনেপ্রাণে চাই।”

নেইমারের ব্রাজিল ও বিশ্ব ফুটবলে প্রভাব নিয়ে মেসি যোগ করেন, “ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের জন্য নেইমার যে অর্থ বহন করে, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার। সে অত্যন্ত সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না।”

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে মাঠে নামেননি নেইমার। বর্তমানে তিনি স্বদেশি ক্লাব সান্তোসে খেলছেন। আনচেলত্তি গত বছর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে নেইমারকে ডাকেননি।

অবশ্য গত মাসে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারকে শতভাগ ফিট পাওয়ার আশা প্রকাশ করেছিলেন। গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন চলছে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমারের।

নেইমারকে বিশ্বকাপে চান না ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান, ব্রাজিল ট্রফি জিতবে না মনে করেন ৬৮ শতাংশ