মুমিনুল হক সেঞ্চুরি করতেই হবে—এমন কোনো প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামেন না। নোমান আলীর বলে এলবিডব্লু হয়ে গেলেও তাঁর খুব বেশি দুঃখ হয়নি। তবে দিন শেষ করার ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়নি।

দুঃখ নেই বলাটা কি ঠিক? টেস্টে ৮২, ৬৩, ৮৭ এবং আজ ৯১—টানা চার ইনিংসেই ষাটোর্ধ্ব রান করেও তিন অঙ্কে পৌঁছাননি মুমিনুল! কোথাও যেন আটকে যাচ্ছেন তিনি।

মিরপুর টেস্টে আজ দিন শেষের সংবাদ সম্মেলনে বিষয়টি উঠতেই রসিক হয়ে উঠলেন টেস্টে ১৩ সেঞ্চুরির মালিক মুমিনুল। ‘এত দিন আটকে গেছে মনে হয় নাই, আজকে হালকা মনে হয়েছিল। একটু, তা–ও বউয়ের কারণে। বউ হয়তো একটু গালি দিবে, এটাই।’

হাসি ছড়িয়ে পড়ার পর মুমিনুল আবার সিরিয়াস হয়ে বললেন, ‘দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল। তবে আমার কাছে সেঞ্চুরির চেয়ে গুরুত্বপূর্ণ হলো রান করা, দলে অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ।’

মুমিনুলের মাইন্ডসেট একই—নিয়মিত রান করা। ২০১৮ সালের পর তিনি শুধু টেস্ট ক্রিকেটার। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দর্শক। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়। খেলার প্রতি নিবেদন ধরে রাখতে নিজেকেই অনুপ্রাণিত করেন।

মুমিনুলের ভাষায়, ‘আমি যেভাবে টেস্টের ব্যাটিংটা উপভোগ, সত্যি বলতে কি, শুধু এটাই চেষ্টা করি। খুব বেশি চিন্তাভাবনা করি না। আর কীভাবে রান করতে হয়, ওইটা মোটামুটি একটু জানা আছে তো; ওইভাবেই খেলার চেষ্টা করি। আমি আমার মাইন্ডসেট নিয়ে থাকার চেষ্টা করি। নিয়মিত রান করতে হবে, এটাই আমার মোটিভেশন। আমার যে পরিকল্পনা রুটিন থাকে, ওইভাবে কাজ করলে রান পাওয়ার সম্ভাবনা থাকে।’

নাজমুলের ১০১, মুমিনুলের ৯১—মিরপুরে বাংলাদেশের দারুণ দিন। নাজমুল হোসেন ১৪ ফিফটির ৯টিকে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন, শেষটি আজ মুমিনুল অন্য প্রান্ত থেকে দেখেছেন। মুমিনুলের ১৩ সেঞ্চুরি আছে, কিন্তু সেঞ্চুরির দেখা না পাওয়া ফিফটি এখন ২৬। নাজমুলের মতো ফিফটিগুলো সেঞ্চুরিতে না নেওয়ার কারণে তাঁর বিশ্লেষণ, ‘আমি কোনো সময় ১০০ করব এই চিন্তায় খেলি না। হয়তো আমার আরেকটু চিন্তা করতে হবে। আমি চিন্তা করি আমাকে ৪ সেশন ৫ সেশন ব্যাটিং করতে হবে। ওইটাই হয়তো আরেকটু মনোযোগ দিয়ে করা লাগবে। পাঁচ সেশন ব্যাটিং করলে ১০০-১৫০ হয়ে যাবে। ওই জায়গাটাতে একটু শক্ত থাকতে হবে।’

কাল টেস্টের দ্বিতীয় দিন নিয়ে মুমিনুল বলেছেন, ‘কাল সকালটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, নতুন বলে চ্যালেঞ্জটা বেশি থাকে। সকালে যদি এক ঘণ্টা আমরা উইকেট না হারিয়ে খেলতে পারি, তবে আমার মনে হয় ৪০০-৪৫০ পার হয়ে যাবে। তবে এটা নির্ভর করছে আমাদের প্রথম এক ঘণ্টার ওপর। কারণ, এখন উইকেটে অনেক কিছু হচ্ছে।’

মিরপুরের স্পোর্টিং উইকেটে পাকিস্তান টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভুল করেছে বলে মনে করছেন অনেকে। মুমিনুল বলেছেন, পাকিস্তান ভুল করেছে কি না তা তিনি জানেন না। তবে জানিয়েছেন, ‘আমরা টস জিতলে ব্যাটিংই নিতাম, সত্যি কথা। তবে ওরা উইকেট বুঝতে ভুল করেছে কি না, তা জানি না। আমি প্রতিপক্ষের বিষয়ে বলতে পারি না।’