ভারতের তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থী দুই দল সিপিআই ও সিপিএম-এর সমর্থনে সরকার গঠন করছে। আজ শুক্রবার বিকেলে এই দলগুলো টিভিকেকে সমর্থনের ঘোষণা দিয়েছে। এতে গত চার দিন ধরে রাজ্যে সরকার গঠন নিয়ে চলা অচলাবস্থা ভেঙে গেছে।
গত সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফলে চিত্রনায়ক থেকে রাজনীতিতে প্রবেশকারী থালাপতি বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সবচেয়ে বেশি ১০৭টি আসন লাভ করেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। রাজ্যের প্রভাবশালী দুই দল ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ মিটিয়ে জোট গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত থালাপতি বিজয়ই বিজয়ী হয়েছেন।






