ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দু অধিকারীর নামই সবচেয়ে বেশি আলোচিত ছিল। আজ শুক্রবার রাজ্য বিজেপির বিধায়কদের বৈঠকে তাঁকেই এই পদে নির্বাচিত করা হয়েছে।
বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেন। বৈঠকের পর সাংবাদিকদের প্রতি অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।”
এবার বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে হারান শুভেন্দু অধিকারী। এছাড়া নন্দীগ্রাম আসনেও তিনি জয়ী হন। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেন শুভেন্দু। নিজের এলাকায় মমতাকে হারানোর পর এবার তাঁর পাড়ায় এসে চ্যালেঞ্জ জানান তিনি।






