চলতি মৌসুমে ইউরোপীয় ফুটবলে ইংরেজ ক্লাবগুলোর অভূতপূর্ব দাপট ফুটে উঠেছে। ইতিহাসে প্রথমবারের মতো একই মৌসুমে তিনটি আলাদা ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে তিনটি ইংরেজ ক্লাব।

গত মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। গতকাল রাতে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা এবং কনফারেন্স লিগের ফাইনালে পৌঁছেছে ক্রিস্টাল প্যালেস।

ইউরোপা লিগের ফাইনালে ইংরেজ ক্লাবের উপস্থিতি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সেমিফাইনালে অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্ট মুখোমুখি হয়। ফলে যেকোনো একটি ইংরেজ দলের ফাইনালে যাওয়া নিশ্চিত ছিল।

দুই ইংরেজ প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকলেও অ্যাস্টন ভিলা বাজিমাত করেছে। ফিরতি লেগে নিজেদের মাঠে নটিংহাম ফরেস্টকে ৪-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়েছে।

এই জয়ের মাধ্যমে কোচিং ক্যারিয়ারে ষষ্ঠবার দলকে ইউরোপা লিগের ফাইনালে নিয়ে গেলেন ভিলার কোচ উনাই এমেরি। এর আগে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে সেভিয়াকে টানা তিনবার ফাইনালে তুলে তিনবারই শিরোপা জিতেছেন এমেরি। ২০২০-২১ মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে একই শিরোপা জেয়েছেন। তবে ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালকে ফাইনালে নিয়ে গেলেও শিরোপা জিততে পারেননি।

এবার ফাইনালে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ জার্মান ক্লাব ফ্রেইবুর্গ। ফ্রেইবুর্গও প্রথম লেগে স্পোর্টিং ব্রাগার কাছে ২-১ গোলে হেরেছিল। গতকাল রাতে ফিরতি লেগে ৩-১ গোলে ব্রাগাকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় নিয়েছে। ইস্তাম্বুলের বেসিকতাস স্টেডিয়ামে ২০ মে রাতে অ্যাস্টন ভিলা ও ফ্রেইবুর্গ শিরোপার জন্য মুখোমুখি হবে।

কনফারেন্স লিগ সেমিফাইনালে প্রথম লেগে ৩-১ গোলের জয়ের পর ফিরতি লেগে ২-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৫-২) শাখতার দোনেৎস্ককে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। ২৭ মে রাতে ফাইনালে তাদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।

গত মৌসুমেও তিন প্রতিযোগিতায় তিনটি ইংরেজ দলের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। কনফারেন্স কাপে চেলসি শিরোপা জিতেছিল। ইউরোপা লিগের অল-ইংলিশ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টটেনহাম শিরোপা জেয়েছিল।

তবে আর্সেনাল চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় শেষ পর্যন্ত তিন প্রতিযোগিতায় ইংরেজ ক্লাব দেখা যায়নি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে পিএসজি শিরোপা জিতেছিল।