ঢাকার বায়ুদূষণের প্রধান দুটি উৎস যানবাহন ও কলকারখানার দূষিত বায়ু। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির প্রথম দিনে রাস্তায় যানবাহন স্বাভাবিকভাবেই অনেক কম এবং অনেক কলকারখানা বন্ধ। তবুও বিশ্বের ১২৩টি নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকা আজ শীর্ষে রয়েছে। আজ বেলা ১১টার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৭৭। এই মানকে অস্বাস্থ্যকর বলা হয়।

এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি নিয়মিত বায়ুদূষণের অবস্থা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা মানুষকে জানায় এবং সতর্ক করে। আজ এই দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য আইকিউএয়ার বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে।

আজ নগরীর কয়েকটি এলাকায় বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে বারিধারা পার্ক রোড, যার বায়ুমান ১৭৯। এরপর তালিকায় আছে যথাক্রমে বেচারাম দেউড়ি (১৭১), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৬৮), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৬৭), গুলশান লেক পার্ক (১৫৬) ও ধানমন্ডি (১৫১)।

সাধারণত এপ্রিল মাসের পর থেকে ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান উন্নত হয়। এপ্রিল পেরিয়ে মে মাস এসে গেল, কয়েক দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। গতকাল বুধবারও নগরীতে বৃষ্টি হয়েছে। কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর এই মানে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।