গতকাল রাতে সৌদি প্রো লিগে জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মাইলফলক ছোঁয়া গোলে আল নাসর আল শাবাবকে ৪–২ গোলে হারিয়েছে। এই জয়ের মাধ্যমে রোনালদোর দল লিগ শিরোপার খুব কাছে চলে এসেছে। পয়েন্ট তালিকায় আল নাসর শীর্ষে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে তারা ৫ পয়েন্ট এগিয়ে।
৩২ ম্যাচে আল নাসরের ৮২ পয়েন্ট, অন্যদিকে দ্বিতীয় স্থানের আল হিলালের ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট। আল হিলালের হাতে তিনটি এবং আল নাসরের হাতে দুটি ম্যাচ বাকি।
আগামী মঙ্গলবার সৌদি প্রো লিগে আল নাসরের মুখোমুখি হবে আল হিলাল। এই ম্যাচ জিতলে রোনালদোর সৌদি আরবে প্রথম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে। কারণ, জয়ের পর আল নাসরের পয়েন্ট হবে ৮৫। তখন শেষ দুই ম্যাচ জিতলেও আল হিলালের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৮৩। ফলে আল হিলাল আর আল নাসরকে ছাড়িয়ে যেতে পারবে না। তবে এই ম্যাচে পরাজিত হলে রোনালদোদের বিপদ ঘনিয়ে আসতে পারে।
কিং ফাহাদ স্টেডিয়ামে খেলা ম্যাচে প্রথম ১০ মিনিটের মধ্যেই ফেলিক্স জোড়া গোল করে আল নাসরকে ২–০ এগিয়ে দেন। প্রথমার্ধের শেষদিকে ইয়ান্নিক কারাসকোর গোলে আল শাবাব একটি গোল ফিরিয়ে নেয়, বিরতির সময় স্কোর ছিল ২–১।
বিরতির পর ৭৫ মিনিটে ৪১ বছর বয়সী রোনালদো সাদিও মানের ক্রস থেকে গোল করেন। এটি সৌদি লিগে তাঁর শততম গোল, মাত্র ১০৫ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ তারকা। এছাড়া এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯৭১তম গোল, হাজারতম গোলের জন্য আর মাত্র ২৯ গোল দরকার। চলতি মৌসুমে লিগে এটি তাঁর ২৬তম গোল। রোনালদোর গোলের পর ৮০ মিনিটে আল শাবাব আরেকটি গোল করে, কিন্তু যোগ করা সময়ে ফেলিক্সের হ্যাটট্রিক গোলে আল নাসর জয় নিশ্চিত করে।
ম্যাচের পর আল নাসর কোচ হোর্হে জেসুস রোনালদোকে নিয়ে বলেছেন, “আক্রমণে রোনালদো সব সময়ই ভয়ংকর, আজও আমরা সেটাই দেখেছি।” আল হিলালের ম্যাচ নিয়ে তিনি বলেন, “এখন আমাদের সামনে প্রতিদ্বন্দ্বীদের (আল হিলাল) বিপক্ষে ডার্বি ম্যাচ। এটি খুব কঠিন একটি লড়াই হবে। ম্যাচটির গুরুত্ব সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন। তাই সর্বোচ্চ মনোযোগ দিয়েই প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা জানি, খুব ছোট ছোট বিষয়ও ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে।”
লিগ শিরোপার পাশাপাশি আল নাসরের আরও একটি ট্রফির সুযোগ রয়েছে। আগামী ১৬ মে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ট্যুর ফাইনালে তারা গামবা ওসাকার বিপক্ষে শিরোপা জেতার লড়াইয়ে নামবে।






