ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার চাঁদাবাজদের গ্রেপ্তারে তাদের রাজনৈতিক পরিচয়ের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন না। তিনি বলেন, গ্রেপ্তারের জন্য চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। এসব ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনার বিষয় নয়।
ডিএমপি সদর দপ্তরে আজ বৃহস্পতিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এসব কথা বলেন। আজ এপ্রিল মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানান, চাঁদাবাজদের তালিকায় রাজনৈতিক পরিচয়যুক্ত ব্যক্তিরা রয়েছেন। ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা রয়েছেন। চাঁদাবাজির সঙ্গে জড়িত রাজনৈতিক দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হবে কি না, সেটা জানতে চান ওসিরা। তখন ডিএমপি কমিশনার বলেন, গ্রেপ্তারের জন্য তালিকা তৈরি করা হয়েছে। সরকারও চাঁদাবাজদের গ্রেপ্তারের পক্ষে।
সভায় শুধু খুচরা মাদক কারবারি বা বাহক নয়, বড় বড় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কর্মকর্তারা বলেন, মাদক বিক্রির টাকায় যাঁরা অর্থসম্পদ গড়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
কমিশনার মো. সরওয়ার সভায় বলেন, পশুর হাটগুলোর আশপাশে যানজট সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। ফুট প্যাট্রোল জোরদার করতে হবে। থানা এলাকায় কোনো অপরাধ সংঘটিত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন কমিশনার।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে হবে।
মাসিক অপরাধ সভায় এপ্রিল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। এপ্রিল মাসে ডিএমপির শ্রেষ্ঠ ওসি হয়েছেন ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ যুগ্ম পুলিশ কমিশনারেরা, উপপুলিশ কমিশনারেরা, অতিরিক্ত উপপুলিশ কমিশনাররা, সহকারী পুলিশ কমিশনাররা, ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






