পটুয়াখালী সদরের এক ইউপি সদস্য দুই দিন ধরে নিখোঁজ। গত মঙ্গলবার নিখোঁজ হওয়ার দিন তিনি ফেসবুক আইডিতে ‘উড়াল দেব আকাশে’ লিখে পোস্ট দেন। এ ঘটনায় তার স্ত্রী থানায় জিডি করেছেন।
নিখোঁজ শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৮) পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি স্ত্রী আফিয়া ঝুমুরকে (৩৪) নিয়ে পটুয়াখালী শহরের সবুজবাগের প্রথম লেনে থাকতেন। তাঁর নিজের বাড়ি লোহালিয়া ইউনিয়নের লোহালিয়া গ্রামে।
আফিয়া ঝুমুর জানান, গত মঙ্গলবার দুপুরে তারা একসঙ্গে খাবার খান। পরে শহিদুল ব্যক্তিগত কাজের কথা বলে বাসা থেকে বের হন। সন্ধ্যা ছয়টার দিকে মোবাইলে স্ত্রীকে কল করে তিনি জানান, মায়ের জন্য কিছু ওষুধ দরকার। সেগুলো দিয়ে গ্রামের বাড়িতে যাবেন এবং কাজ শেষে রাত ৯টা বা ১০টার মধ্যে শহরের বাসায় ফিরবেন। রাত নয়টায় তার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে বড় বোন শাহনাজ বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, শহিদুল গ্রামের বাড়িতে ফোন চার্জে দিয়ে ঘর থেকে বের হয়েছেন। রাত গভীর হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন আফিয়া সদর থানায় জিডি করেন।
আফিয়া আরও বলেন, গত বছরের ১৮ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। স্বামীর ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক এবং কারও সঙ্গে বিরোধের বিষয়ে তাঁর কিছু জানা নেই।
স্থানীয় ব্যক্তিরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় গ্রামের বাড়িতে এসে শহিদুল স্থানীয় বাবু নামের এক ব্যক্তিকে ফোন করে ডাকেন। বাবু ভাড়ায় মোটরসাইকেল চালান। পরে নিজের দুটি ফোন চার্জে লাগিয়ে শহিদুল ঘর থেকে বের হন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই তিনি ফোন দুটি রেখে চলে যান।
মোটরসাইকেলচালক বাবু জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি শহিদুলকে লোহালিয়া সেতুর ঢালে নামিয়ে দেন। পরে স্থানীয়দের মাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, ‘গতকাল বুধবার সকালে আফিয়া ঝুমুর নামে এক নারী তাঁর স্বামী নিখোঁজ হওয়ার অভিযোগে থানায় জিডি করেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে, শহিদুল ইসলাম লোহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য। নিখোঁজ হওয়ার দিন তিনি নিজেই ফেসবুকে “উড়াল দেব আকাশে” লিখে একটি স্ট্যাটাস দেন। এতে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে। আমরা সব দিক বিবেচনায় তদন্ত করছি।’






