রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন আল্পনা চাকমা (৩৯)। পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বন্য শূকর দৌড়ে এসে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং পায়ে ও কোমরে কামড়ায়।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজ্জাংছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা ভালো না হওয়ায় দিবারাত্রি দুইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় কার্বারি প্রমিশ চাকমা মুক্তকণ্ঠকে বলেন, ‘সন্ধ্যায় আল্পনা চাকমা কলাবুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজার থেকে ফেরার পথে উজ্জাংছড়ি রাস্তার পাশে জঙ্গল থেকে হঠাৎ একটা বড় বন্য শূকর দৌড়ে এসে তাঁকে ধাক্কা দেয়। এরপর পায়ে ও কোমরে কামড়ে দেয়। আল্পনা চাকমার চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে শূকরটি জঙ্গলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় উজ্জাংছড়ি এলাকায় বন্য শূকরের আক্রমণের শিকার হয়ে এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান বলেন, গতকাল রাত আটটায় রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে রক্ত দেওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাঁর। অবস্থার উন্নতি না হওয়ায় রাত দুইটায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বরকল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, ‘এ রকম খবর শুনিনি। এলাকাটি দুর্গম, খবর নিয়ে বিস্তারিত জানা যাবে।’ তবে বন্য শূকরের আক্রমণে আহত বা ক্ষতিগ্রস্ত হলে বন বিভাগের পক্ষ থেকে সাহায্য করা হয় না বলে জানান তিনি।