গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে দেশে আরও ১২ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল, বাকি ১১ শিশুর হামের উপসর্গ ছিল।

এই সময় সারা দেশে আরও ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

হাম শনাক্ত শিশুটি ঢাকায় মারা যায়। অন্যদিকে, হামের উপসর্গে বরিশালে একজন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ১ জন শিশু মৃত্যুর শিকার হয়।

এর আগে ৪ মে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু ঘটেছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্তের পর ৫৭ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪৫ হাজার ৪৯৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ শিশু। তবে এর মধ্যে ২৮ হাজার ২৩৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ করেছে।