‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। ৬ ও ৭ মে দুই দিনব্যাপী চলছে এই জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থানবিষয়ক) সাইয়েদ বিন আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ফাইভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম। বিশেষ বক্তব্য দিয়েছেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নিয়াজ আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই জব ফেয়ারে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের কনভেনার এবং স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রামে দুই কর অঞ্চলে ২৫২ পদে চাকরির সুযোগ নিয়ে এসেছে এই জব ফেয়ার। ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিকস, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান সাউথইস্ট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের সিভি সংগ্রহ করবে, ইন্টারভিউ নেবে এবং যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করবে।

ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি, শিল্পবিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিচ্ছেন। দুই দিনের এই অনুষ্ঠানে দুটি সেমিনারসহ বিশেষায়িত সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব হারুনুর রশীদ খানসহ করপোরেট লিডাররা উপস্থিত থাকবেন।

আজ বৃহস্পতিবার (৭ মে) সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট জনাব টি এম আসাদুজ্জামান।