পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বাংলাদেশের বিপক্ষে আগামীকাল শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে স্পষ্ট করেছেন, তাঁদের মনে কোনো ‘প্রতিশোধ’ নেওয়ার চিন্তা নেই। মিরপুরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে হওয়া সিরিজে বাংলাদেশের দুই-০ জয়ের কৃতিত্ব স্বীকার করতে হয়।

গতকাল সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি উচ্চাশা প্রকাশ করেছিলেন। কিন্তু পরদিন তাঁর অধিনায়ক শান মাসুদ বাস্তবতায় পা রাখলেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে ‘প্রতিশোধ’–এর মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; যেমন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল—তখনো তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।”

শাহিন শাহ আফ্রিদি গতকাল বলেছিলেন, শুধু বাংলাদেশ সিরিজ নয়, তাঁরা খেলতে চান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান পয়েন্ট তালিকায় কখনো পাঁচের ওপরে উঠতে পারেনি, গতবার তো ছিল সবার শেষে।

শান মাসুদ বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।”

বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি করতে চান সিমন্স। এবারও মিরপুরের স্পোর্টিং উইকেটে খেলতে হচ্ছে পাকিস্তানকে, যেখানে তাদের পেসাররা শক্তি। বাংলাদেশের পেস বোলিং নিয়ে প্রশ্নে শান মাসুদ বলেন, “তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী; আমি এ পর্যন্ত যা দেখেছি, সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনো তুলনায় যাব না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।”

নিজেদের শক্তির ওপর ভরসা দেখিয়ে তিনি বলেন, “প্রতিটি দলের নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের দক্ষতা ও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি, এখন লক্ষ্য হলো (দুই ম্যাচে) দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে।”