৪৪তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগের ফাইল দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর দাবিতে আজ রোববার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন করেছেন। এই কর্মসূচিতে ২ হাজার ৯৬৮ জন প্রার্থীর দাপ্তরিক ফাইল অবিলম্বে মন্ত্রণালয়ে প্রেরণের দাবি জানানো হয়েছে।
প্রার্থীরা জানান, গত ১৯ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের পর দুই মাস অতিবাহিত হলেও তাঁদের ফাইল এখনো পিএসসি থেকে বের হয়নি। সাধারণত ফল প্রকাশের ১৫ থেকে ৩৫ দিনের মধ্যে ফাইল পাঠানো হয়, কিন্তু এবার দুই মাস পেরিয়ে গেছে। ৪৪তম বিসিএসের কাজ আটকে থাকলেও ৪৫তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। প্রার্থীরা আশঙ্কা করছেন, ৪৫তম বিসিএসের প্রার্থীরা আগে যোগদান করলে ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা জ্যেষ্ঠতা হারাবেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ প্রসঙ্গে বলেন, কারিগরি পদসহ বিভিন্ন পদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলায় কিছুটা সময় লাগছে। দ্রুততম সময়ের মধ্যে ফাইলগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা মে মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের দাবি জানিয়েছেন।






