টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে দেশের বাইরে ৬ ম্যাচে ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু ঘরের মাঠে সমান ম্যাচে মাত্র একটি জয়। এই পারফরম্যান্স খুব আশাব্যঞ্জক নয়।

এমন ফলাফলের কারণ কী এবং কোথায় উন্নতি দরকার? টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেনের কাছে এই প্রশ্ন উঠেছে।

নাজমুল বলেন, “অধিনায়ক হিসেবে চাইব যে ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এই চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সব সময়। এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই চক্রটা আরও ভালো হবে।”

পরিসংখ্যানেও দেখা যায়, গত চক্রে ঘরের মাঠে ৬ টেস্টে মাত্র একবারই ৩০০-এর বেশি রান হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১০ রানের ইনিংস ছাড়া অন্য কোনো ম্যাচে ২০০ রানও করতে পারেনি।

এখন নাজমুল এখানে উন্নতির দিকে নজর দিচ্ছেন। তিনি বলেন, “(প্রথম ইনিংসে) চার শর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা জিনিস বুঝতে হবে, একেকজনের খেলার ধরন একেক রকম। আমি চাই না যে কেউ তা পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনো সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।”

পাকিস্তানের বিপক্ষে পিন্ডিতে দুবার জয় পেয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে কী হবে? বাংলাদেশের ব্যাটসম্যানদের টেস্টে অভিজ্ঞতা এখন কম নয়। পাকিস্তান সিরিজের নতুন দুই মুখ তানজিদ হাসান ও অমিত হাসান বাদ দিলে সবার অন্তত ২০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, যদিও বেশির ভাগই বিরুদ্ধ কন্ডিশনে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলা হবে। ব্যাটসম্যান ও বোলারদের জন্য সমান সুবিধা থাকবে। নাজমুল বলে গেলেন, ব্যাটসম্যানরা ভালো করতে পারবেন।

তিনি বলেন, “যে রকম কন্ডিশনই থাকুক, ওই অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান হিসেবে। কিন্তু সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষত সাদা বলের ক্রিকেট, আমরা কয়েকটা সিরিজ খেললাম আগের থেকে অনেক ভালো উইকেটে। এখন আশা করাই যেতেই পারে যে ধীরে ধীরে এ জায়গাটাতে ব্যাটসম্যানরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারবে।”

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।