আইপিএল-এ চার-ছক্কার উৎসব চলতেই থাকছে এবং প্রতি মৌসুমেই এই উল্লাস নতুন রেকর্ড গড়ে যাচ্ছে। এবার তো ২০০ রানের লক্ষ্য প্রায় ডালভাতের মতো সাধারণ হয়ে গেছে।

আগে ব্যাট করে ২০০ বা তার বেশি রান তুললেই জয় নিশ্চিত বলে মনে করা হতো না। প্রথমে ব্যাট করা দল দুই শর বেশি রান তুললেও জেতার হার ছিল মাত্র ৫০ শতাংশ, কখনো কখনো হারের সম্ভাবনাই বেশি।

গতকাল পর্যন্ত এবারের আইপিএল-এর ৪৯ ম্যাচে ৪১ বার স্কোরবোর্ডে ২০০-এর বেশি রান উঠেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ বার বেশি।

গতকাল রাতে হায়দরাবাদের ২৩৫ রান তাড়া করতে নেমে পাঞ্জাব ২০২ রানে আটকে যায়। এই ম্যাচে পাঞ্জাবের না জেতাটা কিছুটা ব্যতিক্রম।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, এবারের আইপিএল-এ প্রথম ৪৮ ম্যাচে প্রথমে ব্যাট করা দল ২০০+ লক্ষ্য দিয়েছে ২৩ বার। অবিশ্বাস্যভাবে এর ১২ বারই তাড়া করেছে পরে ব্যাট করা দল। গত বছর ঠিক এই সময়ে ২০০ রানের বেশি সফল তাড়া ছিল মাত্র ৪টি, পুরো টুর্নামেন্টে ৯ বার। ২০২৪-এ পুরো টুর্নামেন্টে ২০০+ তাড়া হয়েছে মাত্র ৬ বার।

এবার ২০০ তো বটেই, ২২০ রানও নিরাপদ নয়। মোট ১৩ বার আগে ব্যাট করা দল ২২০-এর বেশি রান তুলেছে, এর মধ্যে ৮ বারই সেই লক্ষ্য তাড়া হয়ে গেছে।

কারণ কী? বলা হচ্ছে একটা কারণ ইমপ্যাক্ট প্লেয়ার। কিন্তু সেটা তো গতবারও ছিল। হতে পারে এবার দলগুলোর মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এ ছাড়া আর কী কারণ থাকতে পারে!

রান তাড়ায় জয়ের মূল চাবিকাঠি প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লে। চলতি মৌসুমে পাওয়ারপ্লে-তে রানরেট প্রথমবার ১০ ছাড়িয়ে গেছে। বিশেষ করে ২০০-এর বেশি রান তাড়ায় এই দাপট আরও বেশি। সফল ১২টি রান তাড়ায় পাওয়ারপ্লে-তে রানরেট প্রতি ওভারে ১৩.৮১, যা গত বছরের ২০০+ রান তাড়ার রানরেটের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি।

এই ঝোড়ো সূচনার সেরা উদাহরণ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস বনাম বেঙ্গালুরু ম্যাচ। সেদিন ২০২ রান তাড়া করতে নেমে রাজস্থান পাওয়ারপ্লে শেষেই ১ উইকেটে ৯৭ রান তুলে ফেলে। সৌজন্যে বৈভব সূর্যবংশীর ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস।

১০ থেকে ১২টি সফল রান তাড়ায় পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই আস্কিং রানরেট শুরুর তুলনায় কমে যায়। অর্থাৎ বাকি ১৪ ওভারে জয়ের জন্য ব্যাটসম্যানদের হিমশিম খেতে হয় না।

শুধু পাওয়ারপ্লে নয়, ১০ ওভার বা ইনিংসের মাঝপথেই খেলার ভাগ্য অনেকটা নির্ধারিত হয়। সফল ১২টি চেজের ১০ বারই দলগুলো অর্ধেক ওভারে লক্ষ্যমাত্রার ৫০ শতাংশের বেশি রান তুলে নেয়।

হায়দরাবাদের বিপক্ষে বেঙ্গালুরুর ২০২ রান তাড়া করে মাত্র ১৫.৪ ওভারে জয় ছিল আইপিএল ইতিহাসের দ্রুততম। এই জয়গুলো কতটা একপেশে, তা বোঝা যায় শেষ ওভারের পরিসংখ্যানে। ১২টি বড় চেজের মাত্র ৩টি গড়িয়েছে ২০তম ওভার পর্যন্ত, বাকিগুলো ১৯ ওভার বা তার আগেই শেষ।

অবশ্য সব বড় লক্ষ্যই যে অর্জিত হচ্ছে, তা নয়। মুম্বাই ইন্ডিয়ানস বা চেন্নাই-এর মতো দলগুলো বড় স্কোর গড়ে বড় জয়ও পেয়েছে। কিন্তু সামগ্রিক চিত্র হলো, আগে ২২০ রান তাড়ায় জয় ছিল বিরল (পুরো আইপিএল ইতিহাসে মাত্র ৫টি)। সেখানে ২০২৬ মৌসুমে প্রথম ৪৮ ম্যাচে সেই কীর্তি ঘটেছে ৮ বার!