কষ্টের সঞ্চয়ের টাকা নিরাপদে বিনিয়োগ করতে চান সাধারণ মানুষ। সঞ্চয়পত্র, এফডিআর, বন্ডের পাশাপাশি সুকুক এখন নতুন একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। বাংলাদেশ ব্যাংক সাধারণ গ্রাহকদের কাছে সুকুককে জনপ্রিয় করতে বিভিন্ন সুবিধা চালু করেছে।

সাধারণ মানুষ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক প্রক্রিয়া অনেক সহজ করেছে। এখন নির্দিষ্ট মাশুল ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই সুকুক ইনভেস্টর আইডি বা বিনিয়োগকারী আইডি খোলা যাবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন নির্দেশনা, মাশুলের হার এবং সুকুক বিনিয়োগ হিসাব খোলার প্রয়োজনীয় নথিপত্রের তালিকা জানিয়েছে। এই হিসাব খুলতে হবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে।

সুকুক ইনভেস্টর আইডি বা বিনিয়োগকারী আইডি খোলার জন্য বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীর জন্য নির্দিষ্ট কাগজপত্র প্রয়োজন। যেমন—

ব্যক্তি বিনিয়োগকারীর জন্য—

১. আবেদন ফরম

২. ব্যাংক হিসাবের তথ্য

৩. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট

৪. ছবি

৫. টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)

৬. যোগাযোগের তথ্য

৭. নমিনির ছবি ও তথ্য। যেমন—নমিনির জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্মনিবন্ধন সনদ

অনিবাসী বা বিদেশি ব্যক্তি বিনিয়োগকারীর জন্য—

১. আবেদন ফরম

২. বিনিয়োগকারীর হিসাবের তথ্য

৩. ছবি ও পাসপোর্ট

৪. টিআইএন বা কর সনদ

৫. যোগাযোগের তথ্য। নমিনির ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানির জন্য—

১. আবেদন ফরম

২. ব্যাংক হিসাবের তথ্য

৩. নিবন্ধন ফরম

৪. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)

৫. মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন

৬. বোর্ড রেজোল্যুশন

৭. টিআইএন সনদ

৮. নিবন্ধিত ঠিকানা

৯. সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগের বিস্তারিত তথ্য

১০. অনুমোদিত স্বাক্ষরকারীর ছবি ও পরিচয়পত্র

পেনশন, প্রভিডেন্ট, গ্রাচুইটি, মিউচুয়াল ফান্ডের জন্য—

১. আবেদন ফরম

২. ব্যাংক হিসাবের তথ্য

৩. নিবন্ধন বা অনুমোদন সনদ

৪. ট্রাস্ট ডিড (প্রযোজ্য ক্ষেত্রে)

৫. বোর্ড অব ট্রাস্টিজের রেজোল্যুশন বা সভার কার্যবিবরণী

৬. এনবিআরের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

৭. অনুমোদিত স্বাক্ষরকারীর যোগাযোগের তথ্য

৮. অনুমোদিত স্বাক্ষরকারীর ছবি ও এনআইডি

একক মালিকানা বা অংশীদারি কারবারের জন্য—

১. আবেদন ফরম

২. ব্যাংক হিসাবের তথ্য

৩. ট্রেড লাইসেন্স

৪. অংশীদারি দলিল (অংশীদারি কারবারের জন্য)

৫. টিআইএন

৬. মালিক বা অংশীদারদের জাতীয় পরিচয়পত্র

৭. মালিক বা অংশীদারদের যোগাযোগের তথ্য

৮. নমিনির ছবি ও তথ্য (একক মালিকানার জন্য)

৯. নমিনির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট (একক মালিকানার জন্য)

অনিবাসী বা বিদেশি প্রতিষ্ঠানের জন্য—

১. আবেদন ফরম

২. বিনিয়োগকারীর ব্যাংক হিসাবের তথ্য

৩. মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (প্রযোজ্য ক্ষেত্রে)

৪. অংশীদারি দলিল—অংশীদারি কারবারের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে)

৫. বোর্ড অব ট্রাস্টিজের রেজোল্যুশন বা সভার কার্যবিবরণী (প্রযোজ্য ক্ষেত্রে)

৬. টিআইএন বা কর সনদ

৭. নিবন্ধিত ঠিকানা

মাশুলের হার কত?

নতুন নির্দেশনা অনুসারে সুকুক বিনিয়োগে ভ্যাটসহ মাশুলের কাঠামো স্পষ্ট করা হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য আইডি খোলা, প্রাথমিক নিলামে অংশগ্রহণ ও বার্ষিক রক্ষণাবেক্ষণ মাশুল—প্রতিটির ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই মাশুল প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকা।

এছাড়া সেকেন্ডারি মার্কেটে প্রতি লেনদেনের জন্য ১০০ টাকা মাশুল দিতে হবে। বিনিয়োগকারীরা বছরে একটি আয়কর সনদ বিনা মূল্যে পাবেন, তবে অতিরিক্ত প্রতিটির জন্য ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ ৫০০ টাকা মাশুল প্রযোজ্য।

কোন সেবা মিলবে বিনা মূল্যে

বিনিয়োগকারীদের সুবিধায় বেশ কিছু সেবা সম্পূর্ণ মাশুলমুক্ত রাখা হয়েছে। মুনাফা, ভাড়া বা আসল পরিশোধের ক্ষেত্রে ব্যাংক কোনো মাশুল নিতে পারবে না। বিনিয়োগের পরিমাণ বা হোল্ডিং রিপোর্ট সংগ্রহ এবং সুকুক আইডি বন্ধ করার জন্যও কোনো মাশুল লাগবে না।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য

বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ‘গভর্নমেন্ট সিকিউরিটিস বিনিয়োগ উইন্ডো’-তে আবেদন জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সিকিউরিটি মডিউলের মাধ্যমে এই আইডি খোলা হবে। ব্যক্তি বিনিয়োগকারীদের নির্ধারিত আবেদন ফরম, ব্যাংক হিসাবের তথ্য, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ছবি, ই–টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে) এবং নমিনির তথ্য ও ছবি জমা দিতে হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রবাসীদের দেশি মুদ্রা ‘টাকা হিসাব’-এর তথ্য দিতে হবে। প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, ট্রাস্ট বা প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে নিবন্ধন সনদ, পরিচালনা পর্ষদের কার্যবিবরণী এবং অনুমোদিত স্বাক্ষরকারীর প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।