জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর আইনজীবী মনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেছেন। যুক্তিতর্কে তিনি বলেন, “ইনুর বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।” এই মামলা থেকে ইনুকে খালাস পাওয়ার দাবি জানিয়েছেন তারা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ বুধবার এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ইনুর পক্ষে মনসুরুল হক চৌধুরী ১০ এপ্রিল যুক্তিতর্ক শুরু করেন এবং বুধবার নবম দিনে তা শেষ হয়।
আসামিপক্ষের পর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে। বৃহস্পতিবারও তারা এই মামলায় যুক্তিতর্ক তুলবে।
বুধবার যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিং দিয়ে প্রসিকিউশন বলে, আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্কে দাবি করেছেন এটা গণ–অভ্যুত্থান ছিল না, বরং ‘আনরেস্ট’ (অস্থিরতা) ও ‘কনফ্লিক্ট’ (সংঘাত)। প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, “আসামিপক্ষের আইনজীবী আদালত অবমাননাকর অনেক বক্তব্য দিয়েছেন।” এতে গ্রহণযোগ্যতা নেই বলে অভিযোগ করেন তিনি।






