জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চ ভাড়াও বৃদ্ধি পেয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়ানো হয়েছে। ফলে কম দূরত্বে ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।

আজ বুধবার এক প্রজ্ঞাপনে নৌপরিবহন মন্ত্রণালয় লঞ্চ ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রজ্ঞাপনে কিলোমিটারপ্রতি ভাড়া বৃদ্ধির পাশাপাশি সর্বনিম্ন যাত্রী ভাড়াও বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। এতে জানানো হয়, পুনর্নির্ধারিত ভাড়া মঙ্গলবার (গতকাল) থেকে কার্যকর।

আগে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৭৭ পয়সা এবং এর বেশি দূরত্বে ২ টাকা ৩৮ পয়সা। নতুন হার অনুযায়ী এখন প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে জনপ্রতি ২ টাকা ৯৫ পয়সা এবং বেশি দূরত্বে ২ টাকা ৫২ পয়সা হবে।

গত ১৮ এপ্রিল রাতে ক্ষমতাসীন বিএনপি সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে ডিজেল লিটারে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা হয়েছে। এরপর ২৩ এপ্রিল সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয় ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ায়। আজ লঞ্চ ভাড়া বৃদ্ধির ঘোষণা এসেছে।

সর্বশেষ বড় আকারে লঞ্চ ভাড়া বেড়েছিল ২০২২ সালের ১৬ আগস্ট। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি হয়।