আজ কি তাহলে আরেকটি গোল-উৎসব? আট দিন আগে ছবি ও কবিতার দেশের রাজধানী প্যারিসে ফুটবলের সব সৌন্দর্য নিয়ে দেখা দিয়েছিল পিএসজি–বায়ার্ন মিউনিখ প্রথম লেগের ম্যাচ। ফ্রান্স ও জার্মানির দুই ফুটবল পরাশক্তি সেদিন আক্রমণের পর আক্রমণকেই একমাত্র কৌশল হিসেবে বেছে নিয়েছিল। ফুটবলমোদীরা উপহার পেয়েছিলেন ৯ গোলের অবিশ্বাস্য এক ম্যাচ। যে ম্যাচে ৫-৪ গোলে জিতে এগিয়ে আছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।  

সেই ফুটবল-উৎসবের দ্বিতীয় অধ্যায়টা আজ মিউনিখে। বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ। যাতে পিএসজিকে আতিথেয়তা দেবে চার ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়ে যাওয়া বায়ার্ন। সেই চ্যাম্পিয়ন হওয়াই কী দারুণ দাপটে! ম্যাচ বাকি আছে আরও দুটি, এর মধ্যেই করা হয়ে গেছে রেকর্ড ১১৬ গোল।

.

গোল করাকেই ধ্যানজ্ঞান বানিয়ে ফেলা দুটি দলের একটিকে আজ বিদায় নিতেই হবে। এক গোলে পিছিয়ে থাকায় ছয়বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন বায়ার্নের আজ আরেকটু বেশিই আক্রমণাত্মক ফুটবল খেলার কথা। কোচ ভিনসেন্ট কোম্পানির কথায় সেটিই প্রতিধ্বনি। প্রথম লেগ সম্পর্কে যিনি বলছেন, ‘যারা সবকিছু সাদা–কালো দেখে আমি তেমন মানুষ নই। আমার কাছে প্যারিসে যা হয়েছে, সেটি একদমই নিখুঁত হয়েছে।’

হারার পরও যদি কোনো কোচ এমন বলতে পারেন, জয়ী পিএসজির কোচ লুইস এনরিকে তো তা বলবেনই। প্যারিসের সেই ম্যাচের ঘোর থেকে বেরোতে পারেননি এই স্প্যানিশও। গত মৌসুমে পিএসজিকে প্রথমবার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেওয়া কোচ টানা দ্বিতীয়বার প্যারিসে ট্রফিটা নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই ভাবছেন না।

আজ আরেকটি ফুটবল-উৎসব দেখার আশা বোধ হয় করাই যায়।

.বিপুল আয়ের প্রিমিয়ার লিগে ক্লাবগুলোর ১২ হাজার কোটি টাকার বেশি ক্ষতি