টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদ সখীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলামের বিরুদ্ধে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সখীপুর প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেন তিনি। তবে গাড়ি ভাঙচুরের ঘটনাকে ‘সাজানো নাটক’ দাবি করে সন্ধ্যা সাতটায় পাল্টা সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আওয়াল মাহমুদ অভিযোগ করেন, বুধবার রাতে আওয়াল নিজ গ্রাম বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ী থেকে টাঙ্গাইল শহরের দিকে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে ডাবাইল বাজার এলাকায় পৌঁছালে সখীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম তাঁর লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে এসে তাঁর গাড়িতে হামলা চালান। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে তিন ঘণ্টা ব্যবধানে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনের আগে তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘আওয়াল মাহমুদ আমার ভাতিজা। আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি সম্পূর্ণ সাজানো নাটক। আমাকে হেয়প্রতিপন্ন করা এবং আসন্ন নির্বাচনকে বিতর্কিত করতেই এই ঘটনা সাজানো হয়েছে। আওয়াল বুধবার রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল শহর থেকে কিছু গুন্ডাপান্ডা এনে আমার বাড়িতে হামলা করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। একপর্যায়ে গ্রামবাসী তাদের ধাওয়া করেন। গ্রাম থেকে এক কিলোমিটার পশ্চিমে ডাবাইল বাজারে তাদের প্রাইভেট কারটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, অভিযোগ পাওয়ার পর বুধবার রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, জমি নিয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আওয়াল মাহমুদ নিজেই তাঁর লোকজন নিয়ে নজরুল ইসলামের বাড়িতে হামলা চালান। পরে গ্রামবাসীর তাড়ায় তাঁদের গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাঁদের লোকজনই গাড়িটি ভাঙচুর করে চলে যায়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






