বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ কারণে সেখানে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী মানবাধিকারকর্মী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী এ দাবি জানিয়েছেন।

.আলীকদমের কুরুকপাতায় হামের উপসর্গ, অনাথ আশ্রমে শিশুর মৃত্যু.

বিবৃতিতে বলা হয়, কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় এই এলাকায় গণপরিবহন নেই বললেই চলে। এতে আক্রান্ত শিশুদের আলীকদম সদর হাসপাতালে নেওয়া অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর মধ্যেও ওই ইউনিয়ন থেকে হাম আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের সংখ্যা হাসপাতালে বাড়ছে।

সংগঠনটির দাবি, গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী ইতিমধ্যে ওই ইউনিয়নে হামে চার শিশুর মৃত্যু হয়েছে।

.হাম মোকাবিলায় বিশেষজ্ঞদের সুপারিশে গুরুত্ব দিচ্ছে না সরকার.

এ পরিস্থিতিতে কুরুকপাতা ইউনিয়নে দ্রুত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। পাশাপাশি শিশুদের পুষ্টি ও নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য প্রণোদনা কর্মসূচি চালুরও দাবি জানানো হয়েছে।

এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বেসরকারি উদ্যোগে কুরুকপাতা ইউনিয়নে মেডিক্যাল ক্যাম্প চালুর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

.অগ্রগতি ম্লান টিকার অভাবে, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা