পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কিশোরকে প্রায় আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কিশোরকে ফেরত দেওয়া হয়। পরে রাত সাড়ে আটটার দিকে ওই দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

ফেরত দেওয়া দুই কিশোর হলো পঞ্চগড়ের  আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।

এর আগে বুধবার সকাল ১০টার পর পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

বুধবার রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই কিশোরকে ফেরত দেওয়ার তথ্য জানান।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া–পাটশিরি সীমান্তঘেঁষা এলাকায় স্বজনের বাড়িতে বেড়াতে আসা ইন্দ্র ও উদয় নামের ওই দুই কিশোর বুধবার সকাল ১০টার পর সীমান্ত এলাকায় চা–বাগান দেখতে যায়। এ সময় তারা সীমান্তের ৪১৭ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাবপিলার–সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশ-ভারতের শূন্যরেখা অতিক্রম করে। এ সময় ভারতের মরিচা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। খবর পেয়ে বিজিবির মীরগড় বিওপির (কোম্পানির) সদস্যরা বিএসএফের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ওই কিশোরদের ফেরত চান। এ ছাড়া পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ভারতের ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশি নাগরিকদের ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানান।

পরে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল চন্দ্র বর্মন মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, বেড়াতে গিয়ে ভুলক্রমে ওই দুই কিশোর সীমান্তে চলে গিয়েছিল। ফেরত দেওয়ার পর রাত সাড়ে আটটার দিকে বিজিবি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ওই দুই কিশোর সুস্থ আছে ও বাড়িতে ফিরছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস মুঠোফোন মুক্তকণ্ঠকে বলেন, বিষয়টি জানার পরপরই ওই দুই কিশোরকে ফেরত আনতে তাৎক্ষণিক তৎপরতা শুরু করা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দুই কিশোরকে ফেরত দিয়েছে।