চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে এক যুবককে দলবদ্ধভাবে বেঁধে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল সোমবার ‘হাসান ভাই’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিও প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খোঁজখবর নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে উপজেলার মাইলারহাট এলাকার ব্যাপারীপাড়া বেলাল জামে মসজিদ প্রাঙ্গণে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবককে একটি ভবনের দরজার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাঁকে ঘিরে ৫০ থেকে ৬০ জন স্থানীয় লোক দাঁড়িয়ে আছে। এর মধ্যে দুই থেকে তিনজন কাঠের গুঁড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, যুবকটি মসজিদের ব্যাটারি ও কিছু যন্ত্রপাতি চুরি করেছেন। তবে মারধরের সময় যুবকটি বারবার নিজেকে নির্দোষ বলে আকুতি জানাচ্ছেন।

ভিডিওতে উপস্থিত কয়েকজন তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘তুই ব্যাটারি চুরি করেছিস?’ যুবকটি জবাব দেন, ‘আমি চুরি করিনি।’ পরে তাঁকে ভয় দেখাতে নখ তুলে ফেলার হুমকিও দেওয়া হয়।

ভিডিওর শেষে একজন চট্টগ্রামের ভাষায় বলছেন, ‘মসজিদ থেকে ব্যাটারি ও মেশিন চুরি করতে এসে ধরা খেয়েছে চোর। এ ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন। আর চোরকে আপনার এলাকায় দেখলে পিটুনি দিন।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন রাতে মুক্তকণ্ঠকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। মো. মজিবুল নামের একজন মন্তব্যে লিখেছেন, ‘আমি মনে করি, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়।’ আহমেদ সাঈদ লিখেছেন, ‘আইনের কাছে হস্তান্তর করাই যুক্তিযুক্ত। নিজের হাতে আইন তুলে না নেওয়াই বুদ্ধিমানের কাজ।’ মোহাম্মদ জামাল উদ্দিন লিখেছেন, ‘এভাবে মারা ঠিক হয়নি।’