যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ সত্ত্বেও পোপ চতুর্দশ লিও জানিয়েছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলতেই থাকবেন।
গতকাল সোমবার আলজেরিয়াগামী উড়োজাহাজে বসে পোপ লিও বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা বলেন।
প্রথম মার্কিন পোপ চতুর্দশ লিও বিশ্বের প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু। এবার ১০ দিনের সফরে তিনি আফ্রিকার চারটি দেশ ভ্রমণ করবেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে যাত্রাপথে পোপ বলেন, ‘যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করা হচ্ছে।’
উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোপ বলেন, ‘আমি তাঁর (ট্রাম্প) সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চাই না। কিছু মানুষ যেভাবে যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করছে, সেটা ঠিক বলে আমার মনে হয় না।’
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের কড়া সমালোচনা করেন পোপ। সাংবাদিকদের সঙ্গে ইংরেজিতে কথা বলে তিনি বলেন, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেই যাব এবং শান্তি, আলোচনা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করব, যেন সমস্যার ন্যায্য সমাধান খুঁজে পাওয়া যায়।’
‘আজ বিশ্বের অনেক মানুষ কষ্ট পাচ্ছে। বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, বলতে হবে, এর (যুদ্ধের) চেয়ে ভালো পথ আছে’, বলেন পোপ।
শান্তি স্থাপনকারীদের আশীর্বাদ করে লিও বলেছেন, ‘গির্জার বার্তা, আমার বার্তা, যিশুখ্রিষ্টের শিক্ষায় শান্তি স্থাপনকারীরা আশীর্বাদে ধন্য। আমি আমার কাজকে রাজনৈতিকভাবে বা নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখি না।’
সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কড়া সমালোচনা করেছেন পোপ। গত শনিবার যুদ্ধের উন্মাদনার তীব্র নিন্দা করে তিনি শান্তির আহ্বান জানান।
ইরানের সঙ্গে যুদ্ধ এবং হোয়াইট হাউসের কঠোর অভিবাসননীতির সমালোচনা করে পোপের বক্তব্যের জবাবে ট্রাম্প গত রবিবার তাঁকে ‘ভয়াবহ’ বলেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘পোপ লিও অপরাধের বিরুদ্ধে দুর্বল এবং তিনি পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ।’






