চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ বার্সেলোনা ও লিভারপুল সেমিফাইনালে উঠার জন্য মহড়া দেবে। বার্সেলোনাকে আতলেতিকো মাদ্রিদের মাঠে শুধু জয় নয়, গোলের হিসাব মেলাতেও হবে। গত সপ্তাহে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে কাতালান ক্লাবটি আতলেতিকোর কাছে। ইয়ামাল-লেভাদের জন্য এটাই বড় সুযোগ। অন্যদিকে, দিয়েগো সিমিওনের আতলেতিকোর ভয় ধারাবাহিকতার অভাব। ন্যু ক্যাম্পে বার্সাকে হারানোর পর লা লিগায় সেভিয়ার কাছে হেরেছে দলটি।

অ্যানফিল্ডে আজ লিভারপুল পিএসজির মোকাবিলায়। প্যারিস থেকে ২-০ গোলে হেরে আসা লিভারপুল লিগের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে। সেই ম্যাচে মোহাম্মদ সালাহর গোল লিভারপুলের জন্য টনিক হতে পারে।

আতলেতিকো-বার্সেলোনা
প্রথম লেগের ফল:
বার্সেলোনা ০-২ আতলেতিকো
• সেমিফাইনালে উঠতে বার্সেলোনাকে আজ আতলেতিকোর মাঠে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হবে।
• নির্ধারিত ৯০ মিনিটে বার্সা ২ গোলে এগিয়ে থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ। ব্যবধান আর না বাড়লে টাইব্রেকার।
• জিতলে বা ড্র করলে তো বটেই, ১ গোলের ব্যবধানে হারলেও শেষ চারে উঠবে আতলেতিকো।
• এর আগে চ্যাম্পিয়নস লিগে দুবার দেখায় দুবারই বার্সাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছে আতলেতিকো।
২০১৪-এর সেই জাদুকরি রাত ফেরাতে চান কোকে。
লিভারপুল-পিএসজি
প্রথম লেগের ফল:
পিএসজি ২-০ লিভারপুল
• সেমিফাইনালে উঠতে লিভারপুলকে আজ ঘরের মাঠে ৩ গোলের ব্যবধানে জিততে হবে।
• নির্ধারিত ৯০ মিনিটে লিভারপুল ২ গোলে এগিয়ে থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ। ব্যবধান আর না বাড়লে টাইব্রেকার।
• জিতলে বা ড্র করলে তো বটেই, ১ গোলের ব্যবধানে হারলেও শেষ চারে উঠবে পিএসজি।
• সর্বশেষ মৌসুমে শেষ ষোলোতে দুই দলের দেখায় শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে পরের রাউন্ডে ওঠে পিএসজি। দুই দলই ঘরের মাঠে হেরেছিল।