চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে আবার রোমাঞ্চকর লড়াই। প্রথম লেগে ২-০ গোলে জয় করে দিয়েগো সিমিওনের দল এখন শেষ ধাপে দাঁড়িয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১টায় শুরু হবে দ্বিতীয় লেগ।

এই লড়াইয়ে অতীতের স্মৃতিও মিশে আছে। ২০১৪ ও ২০১৬ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনাকে উৎখাত করেছিল আতলেতিকো। সেই ইতিহাসই এবার নতুন আশা জাগাচ্ছে। দলের অধিনায়ক কোকে বলেছেন, অতীত কখনো কখনো বর্তমানের সবচেয়ে বড় প্রেরণা হয়ে ওঠে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্কতাও।

‘বার্সেলোনা ঘুরে দাঁড়াতে চাইবে, এটা আমরা জানি। তারা আপনাকে প্রচণ্ড চাপে রাখবে। কিন্তু আমাদেরও প্রস্তুতি আছে। আমরা বল দখলে রাখার চেষ্টা করব, নিজেদের খেলাটা খেলব’—বললেন কোকে।

চলতি মৌসুমে কোপা দেল রেয়ের সেমিফাইনালেও বার্সেলোনাকে হারিয়েছে আতলেতিকো। প্রথম লেগে ঘরের মাঠে ৪–০ গোলে জয়ের পর ক্যাম্প ন্যুতে ৩–০ গোলে হারলেও শেষ পর্যন্ত এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। এই অভিজ্ঞতা এবার আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

ওই গোলটা আমি পরে অনেকবার দেখেছি। এমন ম্যাচের আগে আপনি স্বাভাবিকভাবেই অতীতের ভালো স্মৃতি থেকে অনুপ্রেরণা নিতে চাইবেন। ২০১৪, ২০১৬—সবই মনে আছে।

কোকে, আতলেতিকো মাদ্রিদ

এই লড়াইয়ে ব্যক্তিগত গল্পও রয়েছে। ২০১৪ সালের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন কোকে। সেই গোলেই বিদায় নিয়েছিল লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাদের দল। এত বছর পরও সেই মুহূর্ত তাঁর মনে রয়েছে, ‘ওই গোলটা আমি পরে অনেকবার দেখেছি। এমন ম্যাচের আগে আপনি স্বাভাবিকভাবেই অতীতের ভালো স্মৃতি থেকে অনুপ্রেরণা নিতে চাইবেন। ২০১৪, ২০১৬—সবই মনে আছে। কালদেরনের সেই রাতও ভুলিনি।’

এবার মাঠ মেত্রোপলিতানো। প্রতিপক্ষ একই। লক্ষ্যও একই—ইউরোপের শেষ চারে জায়গা। এই রাত ইতিহাসের পুনর্লিখন হতে পারে, নতুন গল্পের সূচনাও হতে পারে।