আগামীকাল মঙ্গলবার বৈশাখী মেলা, শোভাযাত্রা ও বিভিন্ন অনুষঙ্গসহ বাংলা নতুন বছরকে উদযাপন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ নামে দলটির এই আয়োজনে মেলার পাশাপাশি গান, নাচ, বায়োস্কোপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাঙালিয়ানার নানা রঙিন অংশ থাকবে।

এনসিপির সংস্কৃতি সেলের উদ্যোগে এই বর্ষবরণের প্রস্তুতি চলছে। আজ সোমবার রাতে ঢাকার বাংলামোটরের নেভি গলিতে আলপনা আঁকা হচ্ছে। এই আলপনা পরিদর্শন করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আয়োজনের বিবরণ জানান এনসিপির সংস্কৃতি সেলের সম্পাদক লুৎফর রহমান। তিনি বলেন, আগামীকাল পয়লা বৈশাখে দুপুরের পর মূল অনুষ্ঠান শুরু হবে। বিকেল তিনটায় বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন দলের নেতা-কর্মীরা। শোভাযাত্রা বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার বাংলামোটরে ফিরে শেষ হবে। একই সময়ে নেভি গলিতে বৈশাখী মেলা বসবে।

লুৎফর রহমান আরও জানান, এ আয়োজনে গান, নাচ, বায়োস্কোপসহ বাঙালিয়ানার বিভিন্ন অনুষঙ্গ থাকবে। মুড়ি-মুড়কি ও জিলাপির আয়োজনের পাশাপাশি বাহারি খাবার ও মাটির তৈজসপত্রের দোকানও বসবে মেলায়। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ছয়টার আগেই মেলার কার্যক্রম শেষ করা হবে।

বর্ষবরণের এই আয়োজনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।