যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপান্তরিত করতে শীঘ্রই উন্নয়ন কাজ শুরু হবে। আজ সোমবার স্টেডিয়াম পরিদর্শনের পর তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী জুলাই মাসে এখানে নারী ক্রিকেটারদের নিয়ে প্রমীলা বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাই এটিকে আন্তর্জাতিক ভেন্যুতে উন্নীত করা হবে।
আজ বেলা দেড়টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শহীদ চান্দু স্টেডিয়ামে হাজির হন। পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, একসময় আন্তর্জাতিক মানের ভেন্যু ছিল এই স্টেডিয়ামের ফ্লাড লাইট ও ড্রেসিং রুমের অবস্থা এখন ভালো নয়। গ্যালারির বসার আসনগুলো জরাজীর্ণ। আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদায় ফিরিয়ে আনতে মাঠ নতুন করে তৈরি, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ সামগ্রিক অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পন্ন করা হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মানদণ্ড ও নির্দেশনা অনুসরণ করে স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ভেন্যুতে ফিরতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, ‘রাতারাতি এই উন্নয়ন করা সম্ভব নয়, একটু সময় লাগবে। তবে খুব দ্রুতই সংস্কারকাজ শুরু করা হবে। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা দ্রুততম সময়ে পূরণ করতে শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুতে উন্নীত করা হবে। ইতিমধ্যে সমস্যা চিহ্নিত করা হয়েছে। বিগত সময়ে কী কারণে শহীদ চান্দু স্টেডিয়ামকে জরাজীর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল, সে বিষয়ে আমরা অবগত হয়েছি।’
বগুড়ায় আলাদা কোনো স্টেডিয়াম না থাকায় এটিকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে এই স্টেডিয়ামকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হবে।’ এ সময় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম (বাদশা), জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বগুড়া জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিভিন্ন ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর এখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ২০২৩ সালে শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট ভেন্যু বাতিল করে বিসিবি। ২০২৩ সালের ২ মার্চ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বে স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)-এর কাছে স্টেডিয়ামটি হস্তান্তরের জন্য চিঠি দেয় বিসিবি। এরপর ওই দিনই শহীদ চান্দু স্টেডিয়ামে কর্মরত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বগুড়া থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এ ছাড়া স্টেডিয়ামে থাকা রোলার, পিচ কাভারসহ মাঠ ও খেলার যাবতীয় সরঞ্জাম এবং ড্রেসিংরুমের আসবাব ঢাকায় নিয়ে যায় বিসিবি। স্থানীয়দের আন্দোলনের মুখে বিসিবি পরে জনবলসহ মালামাল প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসে। ফিরিয়ে দেওয়া হয় জনবল ও যাবতীয় সরঞ্জাম। তবে মাঠ সংস্কারে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।






