আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বাজারে নতুন ‘অপো এ৬কে’ স্মার্টফোন এনেছে অপো। এই ফোনে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা পাঁচ বছর পর্যন্ত ভালো অবস্থায় থাকে। ফলে চার্জ শেষ হওয়ার ভয় ছাড়াই ব্যবহার করা যায়। এছাড়া রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, যার মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা সম্ভব পাওয়ার ব্যাংকের মতো। আজ সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরযুক্ত এই ফোনে ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে। শক্তিশালী প্রসেসর ও দ্রুত র‍্যামের কারণে একসঙ্গে একাধিক কাজ করা এবং ভিডিও গেম খেলা সহজ হয়েছে।

দুই রঙে বাজারে আসছে ফোনটি। এর পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল ভিউ ভিডিও, নাইট মোডের পাশাপাশি এআই এডিটর ২, এআই গেমবুস্ট ২, এআই লিংকবুস্ট ৩, থেফট প্রটেকশন ও জেমিনি ফিচার রয়েছে, যা উচ্চমানের ছবি তোলাকে সহজ করে।

ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে পাওয়া যাবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা।