নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ আর মাত্র ৬০ দিন পর শুরু হবে। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অংশগ্রহণকারী দলগুলোর জন্য রেকর্ড প্রাইজমানির খুশিসংবাদ দিয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা)।

আজ এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ২০২৪ সালের সর্বশেষ আসরের তুলনায় এবার প্রাইজমানি বাড়ছে ১০ শতাংশ। এছাড়া ইতিহাসে প্রথমবার ১২টি দল অংশ নেবে এই বিশ্বকাপে।

চ্যাম্পিয়ন: ২৩ লাখ ৪০ হাজার ডলার।

রানার্সআপ: ১১ লাখ ৭০ হাজার ডলার।

সেমিফাইনালিস্ট: প্রতি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার।

গ্রুপ পর্বে জয়: প্রতিটি জয়ের জন্য মিলবে ৩১ হাজার ১৫৪ ডলার।

অংশগ্রহণকারী সব দল: প্রতিটি দল পাবে অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার।

আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নারী ক্রিকেটের দ্রুত বিকাশ হচ্ছে। ১২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন এবং রেকর্ড পুরস্কারের অর্থ আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। নারী ক্রিকেটারদের প্রভাব এখন বৈশ্বিক ক্রীড়াঙ্গনে স্পষ্ট।’ তাঁর মতে, এই টুর্নামেন্ট মাঠের লড়াই ছাড়িয়ে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।

আজ থেকে ‘আইসিসি ট্রফি ট্যুর’ শুরু হয়েছে বিশ্বকাপের উত্তেজনা ছড়াতে। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে যাত্রা শুরু হয়েছে। লর্ডসের প্যাভিলিয়নের ওপর জাদুকরি প্রজেকশনের মাধ্যমে ট্রফির অবয়ব ফুটিয়ে তোলা হয়। এরপর ট্রফি নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে যাবে। মে মাসে এটি ইংল্যান্ডের লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, ব্রিস্টল ও সাউদাম্পটন ঘুরবে। ক্রিকেটপ্রেমীরা ইনস্টাগ্রামের @icctrophytour হ্যান্ডলে সফরের খুঁটিনাটি দেখতে পারবেন।

আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।