রাজধানীর ডেমরায় বাবা–ছেলের ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে বাবা মো. ইসরাফিল (৪৫) নিহত হয়েছেন। পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন তিনি। ঘটনার পর ছেলে (কিশোর হওয়ায় নাম প্রকাশ করা হয়নি) পালিয়ে গেছে।
আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ডেমরা উত্তর বাজার এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পরিবারের বরাত দিয়ে মুক্তকণ্ঠকে জানান, ভোরে বাসায় ফিরে ইসরাফিল নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা চান। তখন ছেলে পাশের ঘরে ঘুমাচ্ছিল। বাবা–মায়ের ঝগড়ার শব্দ শুনে ছেলে উঠে আসে। এরপর কথা–কাটাকাটি থেকে বাবা–ছেলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় বাবার হাতের ছুরি কেড়ে নিয়ে ছেলে বাবার বুকে আঘাত করে। এতে ইসরাফিলের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সুরিয়া বেগম দাবি করেন, ধস্তাধস্তির সময় ইসরাফিলের নিজের ছুরিই তাঁর বুকে লাগে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, সকালে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ইসরাফিলের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেলা পৌনে দুইটার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ইসরাফিলের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুতাপাড়া গ্রামে। তবে তারা বর্তমানে ডেমরা উত্তর বাজার এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করত।






