ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে সতর্ক করেছে। রেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, ওসি পদায়নের পুরো এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) হাতে; এসব বিষয়ে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই।
১০ এপ্রিল প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা রেঞ্জ উল্লেখ করেছে, প্রশাসনিক কাঠামো অনুসারে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররা পেশাগত মূল্যায়ন, যোগ্যতা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনা করে থানার ওসি পদায়ন করেন।
আজ সোমবার ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি স্পষ্টভাবে জানানোর পরও কিছু ব্যক্তি ও মহল বিভিন্ন থানায় ওসি পদায়ন নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে অনৈতিক তদবির, অনুরোধ ও সুপারিশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাবের কথা উল্লেখ করে অনৈতিক প্রস্তাব দেওয়ার অপচেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।






