রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং দলটির কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠিয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ তথ্য জানান।
আজ দুটি মামলায় মোট পঞ্চম দফার রিমান্ড শেষ হলে পুলিশ শেখ মামুন খালেদকে আদালতে হাজির করে। রিমান্ড শেষে তাঁকে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনার জন্য আবেদন করেন।
বেলা সোয়া একটার দিকে তাঁকে আদালতে তোলা হয়। শুনানির সময় হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় অন্তত চারবার হাত তুলে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং আদালতের অনুমতি পেয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে।
২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামে দলটির এক কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করেন।
গত ২৫ মার্চ দিবাগত রাতে গ্রেপ্তার হন শেখ মামুন খালেদ।






