ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাঙ্গিবাহী পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি মহাসড়কের খাদে পড়ে ২৯ জন আহত হন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাহাঙ্গীর মোল্লা (৪০) ও আলমগীর শেখ (৫০)। তাঁরা ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা এবং বাঙ্গি ব্যবসায়ী ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আজ সকালে জানান, শাহ ফরিদপুর পরিবহনের ওই যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসছিল পিকআপ ভ্যানটি। উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। সেখানে জাহাঙ্গীর ও আলমগীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া আহত ২৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজন পিকআপভ্যানটির চালক।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, এ দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৯ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।






